কবরস্থান পানির নিচে, সড়কের পাশেই বৃদ্ধকে দাফন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে রুসমত খান (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে শ্রীপুর গ্রামের এ ঘটনা ঘটে। বন্যা কবলিত হওয়ায় ওইসব এলাকায় বাড়ি ঘরে পানি উঠে যায়।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কোনো উপায় না পেয়ে বাড়ির সামনের সড়কে বৃদ্ধের লাশ দাফন করা হয়। বৃদ্ধ রুসমত খান উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত আক্তার খানের ছেলে।

রুসমত খানের দাফনের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বন্যার পানিতে ডুবে যাওয়া পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে পানিতে পড়ে ডুবে যান। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে প্রতিবেশী লোকজন রুসমত খানকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা, পুকুর, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

নিহতদের ভাতিজা আলাল খান বলেন, বন্যায় পুকুর ডুবে বুক সমান পানি। পুকুর কোন দিকে বোঝার উপায় নাই। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন তিনি। চার পাশেই পানি তাই সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি। তারপরও সড়ক ঘেঁষা পানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত