প্রবল শক্তি নিয়ে ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানার অপেক্ষায় হারিকেন মিল্টন। এরই মধ্যে প্রবল ঝড়, বৃষ্টি আর জলোচ্ছ্বাসের ফলে সোমবার ফ্লোরিডার মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উপকূল থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়া নিয়ে মহা চিন্তায় পড়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্কালোনির দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে গতকাল মঙ্গলবার নির্ধারিত ফ্লাইট পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলা যাওয়া যায় না। এক্ষেত্রে কলম্বিয়ার বারাঙ্কিয়া শহরে বাধ্যতামূলকভাবে যাত্রাবিরতি করতে হবে। তাই সময় লাগবে অনেক বেশি।
ফ্লোরিডায় আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব বিষয় তুলে ধরে স্কালোনি বলেছেন, ‘আমরা আজ যাত্রা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা বারণ করেছেন। ফ্লাইট বাতিল হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে, তবে আমরা আগামীকাল যাত্রা করব। সবার আগে নিরাপত্তার দিকটা দেখতে হবে। অবশ্যই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এর চেয়েও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’
‘বাংলাদেশের বিপক্ষে পারফর্মেন্স দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়’
‘আমার জীবনের মূলমন্ত্র বর্তমানকে উপভোগ করা’