প্রথম ওভারে হজম ১৫ রান, পরের ১২ বলে শিকার ২ উইকেট

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পিএম

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ভারতের ছোট বাউন্ডারির মাঠগুলোর একটি। দুই পাশের বাউন্ডারির দূরত্ব ৫৫ মিটার ও ৬৩ মিটার, আর সোজাসুজি ৭২ মিটার। বাউন্ডারি ছোট বলে ২০০‍+ রান এখানে সাধারণ ঘটনা। সবশেষ আইপিএল আসর যার অন্যতম দৃষ্টান্ত।

বাংলাদেশ দল বোলিং শুরু করেছে মেহেদি হাসান মিরাজের স্পিন দিয়ে। প্রথম বল ডট গেলেও পরের দুই বলেই চার মেরেছেন সঞ্জু স্যামসন। ওভারের শেষ বলে চার পেয়েছেন আরেক ওপেনার অভিষেক শর্মাও। সব মিলিয়ে প্রথম ওভারেই ভারত করেছে বিনা উইকেটে ১৫ রান। তবে পরের ওভারের প্রথম পাঁচ বলে ২ রান—ভারতের দুই ওপেনারকে কিছুটা চাপেই ফেলেছিলেন তাসকিন আহমেদ। আর সেটিরই পুরস্কার পেয়েছেন ওভারের শেষ বলে। দিয়েছিলেন স্লোয়ার, গতি ছিল ঘণ্টায় ১২২.৩ কিলোমিটার। আর এই বলেই মিড অফে নাজমুলের হাতে সহজ ক্যাচ দিয়েছেন সঞ্জু স্যামসন (৭ বলে ১০ রান)।

ভারতের আরেক ওপেনারের উইকেটও পেয়ে গেল বাংলাদেশ! তানজিম হাসানের বলে বোল্ড অভিষেক শর্মা। তৃতীয় ওভারে মিরাজের বদলে বোলিংয়ে আসা তানজিম তৃতীয় ও চতুর্থ বলে দুটি চার হজম করেছিলেন। দুটিই অভিষেকের ব্যাট থেকে। তবে ষষ্ঠ বলে হাসলেন তানজিম। অভিষেক অফ স্টাম্পের বাইরের বল মারতে গেলে ব্যাটের ভেতরের অংশে লেগে স্টাম্পে আঘাত হানে। আর সে আঘাত এমনই যে, উপড়ে গেছে অফ স্টাম্পই। টানা দুই ওভারে উইকেট হারাল ভারত।

৪ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৩৫। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের সঙ্গে নীতিশ রেড্ডি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত