মিরপুরে সাড়ে ৫৭ লাখ টাকাসহ ৬ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম

মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা করে টাকা লুট করে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫৭ লাখ টাকাসহ একটি পিস্তল সদৃশ্য গ্যাসলাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মহসিন মুন্সি, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউল করিম, তৈয়ব, মো. হুমায়ুন কবির ও নূর মোহাম্মদ ওরফে নতু। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মো. হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানির ধানমন্ডির রোড ৪/এ  নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম ফ্লোর ক্রয়ের জন্য ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যে ৩০ লাখ টাকা বায়নানামা দলিল মূলে ক্রয়ের জন্য বায়না করেন। পরবর্তীতে বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে ১ কোটি ২৩ লাখ টাকা দেন। পরবর্তীতে নাফকো ডেভেলপার কোম্পানির ডিএমডি ও এমডি মোবাইল ফোনে ভিকটিমকে জানায় যে, ৮ অক্টোবর সন্ধ্যার পরে তার অফিসে রেজিস্ট্রেশন করে দিবে এবং বকেয়া টাকা সঙ্গে করে আনতে। তখন বাদী ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যমে দিতে চাইলে তিনি তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য জোর অনুরোধ করে।

এমডি ও ডিএমডির অনুরোধের প্রেক্ষিতে ৮ অক্টোবর ৬টার দিকে ভিকটিম, তার পরিবারের সদস্যসহ নগদ ৭২ লাখ ৮০ হাজার টাকা দুইটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানির অফিসে যান। এ সময় ভিকটিমের কাছে থাকা সাদা শপিং ব্যাগের ভিতরে ৩২ লাখ ৮০ আশি হাজার টাকাসহ অজ্ঞাত এক ব্যক্তি কার পার্কিং থেকে ভিকটিমকে ষষ্ঠতলার অফিস কক্ষে নিয়ে যায়। অবশিষ্ট ৪০ লাখ টাকা ভিকটিমের স্ত্রী একটি ব্যাগে করে নিয়ে অফিসের নিচতলায় কার পার্কিংয়ে ব্যক্তিগত গাড়ির ভেতর অবস্থান করেন। 

ভিকটিম ডিএমডি ফয়সাল শেখের অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০-২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় পিস্তল সদৃশ্য বস্তু দিয়ে গুলি করার ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা টাকাগুলো কেড়ে নেয় ও তাদেরকে পাশের রুমে আটকে রাখে। পরবর্তীতে উক্ত অজ্ঞাত ব্যক্তিরা কার পার্কিংয়ে থাকা ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরও ৪০ লাখ টাকা কেড়ে নেয়। তাছাড়া ভিকটিমের স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন পরিবারের সদস্যদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন কেড়ে নেয়। 

পরে ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখের অফিস কক্ষের পাশের রুমে সকলের সঙ্গে আটকে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে চলে যায়। তাদের চিৎকারে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে। 

পবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে ও তাদের নিকট হতে নগদ সাড়ে ৫৭ লাখ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ৯ অক্টোবর একটি মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত