টেনিসের সাবেক নাম্বার ওয়ান রাফায়েল নাদাল অবসর ঘোষণা করায় শুভকামনা ও সম্মান জানাতে বিশেষ কিছুই লিখতে হয়। নোভাক জকোভিচ এমন এক লেখাই লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল গতকাল টেনিস থেকে অবসরের ঘোষণা দেন। আগামী নভেম্বরে স্পেনের হয়ে ডেভিস কাপ খেলে টেনিস কোর্টকে বিদায় জানাবেন স্প্যানিশ কিংবদন্তি।
জকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে নাদালের জন্য লিখেছেন একটু বড় করে। বৃহস্পতিবার করা পোস্টে ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘রাফা, তোমার জন্য আমার যে সম্মানবোধ এবং খেলাটির জন্য তুমি যা করেছ, তা একটি পোস্টে বোঝানো সম্ভব না। তুমি লাখো শিশুকে টেনিস খেলতে উদ্ভুদ্ধ করেছ এবং আমি মনে করি এর চেয়ে বড় অর্জন আর কিছু হয় না।’
ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ এরপর লিখেছেন, ‘তোমার দৃঢ়তা, নিবেদন, লড়াইয়ের চেতনা দশকের পর দশক ধরে শেখানো হবে। তোমার লিগ্যাসি চিরকালীন। শুধু তুমিই জানো টেনিস ও খেলাধুলার আইকন হয়ে উঠতে কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় তুমি অনেকবারই আমাকে সামর্থ্যের শেষ সীমায় ঠেলে দিয়েছ, যা খেলোয়াড় হিসেবে আমার ওপর সবচেয়ে বেশি প্রভাব রেখেছে। স্পেনের প্রতিনিধিত্ব করার প্রতি তোমার প্যাশনও অসাধারণ। স্পেনের ডেভিস কাপ দলের হয়ে মালাগায় তোমার জন্য সেরা বিদায়ী সংবর্ধনা কামনা করছি। তোমার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে আমি নিজে সেখানে উপস্থিত থাকব।’
টেনিস কোর্টে ধ্রুপদী সব লড়াইয়ের জন্ম দিয়েছেন নাদাল–জকোভিচ। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ৬০ বার মুখোমুখি হয়েছেন দুই কিংবদন্তি। ৩৮ বছর বয়সী নাদাল ও ৩৭ বছর বয়সী জোকোভিচ সর্বশেষ মুখোমুখি হয়েছেন রোলাঁ গারোতে, প্যারিস অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে। দেড় যুগ আগে ২০০৬ সালে দুজনের প্রথম দেখাও ছিল একই কোর্টে, ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে। দুজনের দ্বৈরথে ৩১-২৯ ব্যবধানে এগিয়ে জকোভিচ।
বাবরকে ‘ব্যঙ্গ’ করলেন শাহিন!
স্কালোনির সব অভিযোগ মাঠ নিয়ে
১০ জনের দল নিয়েও বলিভিয়ার জয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ কলম্বিয়ার