বসনিয়াকে সহজে হারাল জার্মানি

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০:১৫ এএম

ছয় মিনিটের মধ্যে দুই গোল করে সহজ জয়ের সম্ভাবনা জাগাল জার্মানি। তবে এদিন জেকোর নৈপুণ্যে ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত লড়াই জিইয়ে রাখল বসনিয়া। তাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় অবশ্য আটকাতে পারেনি তারা।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার নেশন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। তাদের জয়ের নায়ক ডেনিস উন্দাভ, দুটি গোলই করেন তিনি।

ম্যাচের শুরু থেকে একচেটিয়া পজেশন ধরে রাখে জার্মানি। আক্রমণে যদিও সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না তারা।

৩০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে, লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় সফরকারীরা। ফ্লোরিয়ান ভিরৎজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ।

৬ মিনিট পরই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠাণ্ডা মাথায় পা বাড়িয়ে বলের দিক পাল্টে দেন উন্দাভ।

৫৮তম মিনিটে খুব কাছ থেকে জালে বল জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। তবে এ যাত্রায় তার কপাল মন্দ, আগমুহূর্তে শট নেওয়া তার সতীর্থ অফসাইডে ছিলেন। ১০ মিনিট পর জালে বল পাঠান সার্জিও গিনাব্রে, সেটাও অফসাইডে বাতিল হয়ে যায়।

জার্মানদের একের পর এক গোলের উচ্ছ্বাস নিভে যাওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড।

এতে নাটকীয়তার আভাস মিললেও বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বসনিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত