৬ পরিবর্তন এনে জয়ে ফিরল ইংল্যান্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৩১ এএম

চোট কাটিয়ে ফিরেই গোলের দেখা পেলেন জ্যাক গ্রিলিশ। চমৎকার ফ্রি-কিকে জাল খুঁজে নেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাতে নেশনস লিগে ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে জয়ের পথে ফিরল ইংল্যান্ড।

তিন দিন আগে ওয়েম্বলিতে গ্রিসের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচের একাদশে ৬ টি পরিবর্তন আনেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। চোট কাটিয়ে ফেরেন হ্যারি কেইন ও গ্রিলিশ। ২০২০ সালের পর প্রথমবার ইংল্যান্ডের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান ডিন হেন্ডারসন।

অষ্টম মিনিটে গোমেসের পাস বক্সে পেয়ে গোলটি করেন ম্যানসিটি মিডফিল্ডার গ্রিলিশ। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।

৬৯ মিনিটে কেইনকে তুলে নিয়ে ওলি ওয়াটকিন্সকে নামান কোচ। ৭৪ মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান বাড়ান অ্যালেকজ্যান্ডার। ৮৪ মিনিটে স্কোর ৩-০ করেন রাইস। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমান ফিনল্যান্ডের হসকনেন।

আসরে চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপে দুইয়ে আছে ইংল্যান্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত