দুই মাস ২৭ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তবে, তখন মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা সম্ভব হয়নি।
