শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিত্যপণ্যের দাম কমাতে সরকার হার্ডলাইনে যাবে। যেসব করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বিএসআরএফ মতবিনিময় সভায় শ্রম উপদেষ্টা ব্যবসায়ীদের সতর্ক করে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বন্যার কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যান্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে দায়ী সিন্ডিকেট। ভোক্তা অধিকার আইনে জেল জরিমানার বিধান শক্তিশালী না। তার জন্য সরকারকে হার্ডলাইনে যেতে হবে। দাম বৃদ্ধির জন্য দায়ী কিছু করপোরেট প্রতিষ্ঠান। তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘যারা আগে বাজার সিন্ডিকেটে ছিল তারাই রয়ে গেছে। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে। তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। স্থানীয় পর্যায়ে যারা চাঁদাবাজি করছে তাদের অনেক জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতির অবস্থা ভালো না। বিগত সরকারের কারণে আর্থিক অবস্থা ভেঙে পড়েছিল। ব্যাংক গুলোর অবস্থা খারাপ হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকারকে কাজ করতে হচ্ছে।’
শ্রমিকদের ১৮ দাবি বাস্তবায়নের বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘শ্রমিকদের ১৮ দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। এখন কোথাও শ্রমিক অসন্তোষ নেই, পরিস্থিতি ভালো। ৪০ বিলিয়ন ডলারের বাজার। আমরা বিনিয়োগ ও বায়ারদের আকর্ষণ করতে চাই।’
১৯ কোটি টাকার সেতু ব্যবহার হচ্ছে চটপটি ব্যবসা-ওয়াজের প্যান্ডেলে
রোগীদের বেডশিটের পরিবর্তে পেপার দেওয়ার অভিযোগ
টানা চার বছর ধরে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা