এবারের সংলাপে কি জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে?

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

রাষ্ট্র সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে আগামী শনিবার থেকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চতুর্থ দফার সংলাপে এর আগে যেসব রাজনৈতিক দল আমন্ত্রণ পায়নি তাদেরকেই এবার মূলত ডাকা হবে। তবে আওয়ামী লীগ ও এর জোটের রাজনৈতিক দল এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে না বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছিল। তার ধারাবাহিকতায় শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার। 

এবারের সংলাপে এলডিপি, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও দুই-একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে জাপাকে নিয়ে আপত্তি এসেছে। অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ জাপাকে নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসনাত বলেন, 'স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব'।

অপরদিকে সারজিস প্রশ্ন রেখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকে?’ 

এমন সব প্রশ্নের মধ্যেই চতুর্থ দফার সংলাপের আয়োজন করা হয়েছে। আগের সংলাপে যেসব রাজনৈতিক দল আমন্ত্রণ পায়নি তাদেরকে ডাকা হলেও সেই তালিকায় নেই জাতীয় পার্টির নাম। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

রাষ্ট্র সংস্কার নিয়ে এর আগে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত