অবশেষে বাংলাদেশের কোচ ফিল সিমন্স

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণার দিনই নতুন অন্তর্বর্তী হেড কোচের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। এর আগে দুই দফায় বাংলাদেশের হেড কোচ হওয়ার আবেদন করেছিলেন তিনি।

নতুন কোচ নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন হেড কোচ নিয়োগ দেওয়ার। নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ফিল সিমন্স চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কাজ করবেন।’

সিমন্সের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘তিনি বিভিন্ন সময় কয়েকটি দেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে ছিলেন। এখনো পাকিস্তানে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। তা ছাড়া এটি লম্বা সময়ের জন্য না। অন্তর্বর্তী কোচ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।’

আরও যোগ করেন, ‘তিনি কঠোর পরিশ্রমী। তার কাজের ধরন আমি দেখেছি। যখন জিম্বাবুয়ে খেলতে এসেছিল, আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। কীভাবে সে চিন্তা করে, অনুপ্রেরণা জোগায় সেটা নিয়ে কথা হয়েছে। এগুলো দেখে আমার ভালো লেগেছে। তার প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে আমার। সবকিছু মিলিয়ে এখন সেরা অপশন।’

একনজরে ফিল সিমন্স : ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন ফিল সিমন্স। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান রয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে কোচিংয়ে বেশি সমাদৃত সিমন্স। বিশ্ব জুড়েই পরিচিতি তার। ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হয় সিমন্সের। কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের দলের সঙ্গেও।

এ ছাড়া নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়েও দুই দফায় কোচিং সামলেছেন। তার অধীনে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে ক্যারিবীয়রা। সর্বশেষ ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে ছিলেন সিমন্স।

জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সরব উপস্থিতি রয়েছে তার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ, পিএসএলসহ নানা টুর্নামেন্টে বিভিন্ন পদবিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ক্যারিবীয় এই কোচের। নতুন চ্যালেঞ্জ নিয়ে দু-একদিনের ভেতরই বাংলাদেশে আসছেন সিমন্স। এসেই তাকে কাজে নেমে পড়তে হবে আজই বাংলাদেশে আসতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত