হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালাল শ্বশুরপক্ষ, ঘরে তালা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এক গৃহবধূর লাশ পালিয়েছে শ্বশুরপক্ষ। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে শাহনাজ কামরুন নাহার নামের ওই গৃহবধূকে অচেতন অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যায় শ্বশুরপক্ষ। ডাক্তারেরা তাকে মৃত ঘোষণার পর পালিয়ে যায় শ্বশুরপক্ষ। 

নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর রোডে কাশেম ভবনের চার তলায় স্বামীর সঙ্গে বসবাস করতেন শাহনাজ। ওই গৃহবধূর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়। তার স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। তার বাড়িও একই উপজেলার শান্তিরহাট এলাকায়। তবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই গৃহবধূর মরদেহ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামীর আত্মীয়-স্বজন। তিনি আরও জানান, খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই।

পরে ঘটনাস্থল কসমোপলিটন আবাসিক এলাকার কাশেম বিল্ডিংয়ে গিয়ে বাসা তালাবদ্ধ দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে গেছেন গৃহবধূ শাহনাজের স্বামী ও তার পরিবার। পাঁচলাইশ থানার এসআই খোরশেদ আলম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত