মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। বুধবার(১৬ অক্টোবর) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা চরজানাজাত নৌপুলিশের ফাঁড়ির সদস্যরা।
এ ছাড়াও উপজেলা মৎস্য অফিস পৃথক অভিযান চালিয়ে আরও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় মাছ ধরার একটি ট্রলার, জালসহ তিনজনকে আটক করা হয়।
জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে পদ্মা নদীতে। শিবচর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সাথে নৌপুলিশও পৃথক অভিযান পরিচালনা করছে। বুধবার দুপুরে শিবচরের পদ্মানদী থেকে ৩ লক্ষাধিক মিটার কারেন্ট জাল ৬০ কেজি ইলিশসহ ৩ জনকে আটক করে নৌপুলিশ।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আইয়ুব আলী বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), আকবর আলী মোড়লের ছেলে ইব্রাহিম মোড়ল (২৭) এবং মাদারীপুরের শিবচরের চরজানাজাত এলাকার মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে কাদির আলী (২৬)।
শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, 'আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কখনো মৎস্য অফিসের সাথে একত্রে, আবার কখনো আলাদা অভিযানও চলে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে আমরা ৩ লক্ষাধিক মিটার জাল জব্দ করেছি। জব্দ করা হয় ৬০ কেজি মা ইলিশ। এ সময় তিনজনকে আটকও করা হয়েছে। জাল ধ্বংসসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।'
