মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ শামীম হাওলাদার হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেল ওরফে চশমা রুবেলকে গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টায় রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল রূপনগর থানা যুব লীগের ৬ নং ওয়ার্ডের সেক্রেটারি।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশন (ডিসি) তালিবুর রহমান।
তিনি বলেন, রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মোঃ শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাতো ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রূপনগর থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলি শামীম হাওলাদারের বুকে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিসি আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় জড়িত এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাজার সিন্ডিকেট শক্তিশালী, ভাঙতে শক্ত অবস্থানে সরকার