ঘরের মাঠে টেস্টে মাত্র ৪৬ রানে অলআউট মাত্র কদিন আগে বাংলাদেশকে সহজেই হারানো ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তারপরই তারকা ব্যাটারদের শুধু যাওয়া-আসা। পাঁচজন ফিরে যান শূন্য রানে। কোথায় ভুল হল? বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন শেষে রোহিত জানালেন, “আমাদের মনে হয়েছিল পিচে কোনও ঘাস নেই। ফলে প্রথম কয়েক সেশনে যা হওয়ার, সেরকমই পিচ আচরণ করবে। আর সময়ের সঙ্গে সঙ্গে টার্ন বাড়বে। ভারতে তো আমরা সেরকম পিচেই খেলি। প্রথম সেশনটা সব সময়ই কঠিন হয়। তার পর উইকেট বদলাতে শুরু করবে। তখন স্পিনাররা কার্যকরী হবে।”
বাংলাদেশের বিপক্ষে যেখানে তিন পেসারে নেমেছিলেন, সেখানে বেঙ্গালুরুতে আকাশদীপের জায়গায় খেলেন স্পিনার কুলদীপ যাদব। রোহিত বলছেন, “পিচে ঘাস না থাকায় আমরা কুলদীপকে খেলাই। কারণ ফ্ল্যাট পিচে ও উইকেট তুলতে পারে। আশা করেছিলাম, পিচ আরও একটু ফ্ল্যাট হবে। ফলে স্পষ্টতই পিচ বুঝতে ভুল করেছি। আমি পিচটা ভালোভাবে বুঝতে পারিনি। আর সেটারই ফল ভুগতে হল। আর আমার খারাপ লাগছে যে, টসে জিতেও এরকম সিদ্ধান্ত নিলাম।”
সেই সঙ্গে রোহিতের সংযোজন, “এই উইকেটে পেসাররা সাহায্য পেয়েছে। বোলারদের কীভাবে খেলতে হবে, সেটাও মাথায় ছিল। কিন্তু কখনও কখনও একটা কাজ করতে গেলেও, ঠিকভাবে সেটা করা যায় না। আজকের দিনটা অফিসে একটা খারাপ দিনের মতো। ফলে এখান থেকে ফিরে আসাটা আমাদের কাছে চ্যালেঞ্জ।” দিনের শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১৮০। এগিয়ে আছে ১৩৪ রানে।
খেলোয়াড় হত্যার হুমকি, ইন্দোনেশিয়া যাবে না বাহরাইন ফুটবল দল