ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন সরফরাজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১:১৩ এএম

প্রথম ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন। তার দলও অল-আউট হয়ে গিয়েছিল মাত্র ৪৬ রানে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন আলোচিত মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা সরফরাজের এটা প্রথম সেঞ্চুরি।

আজ শনিবার ৩ উইকেটে ২৩১ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন শুরু করে ভারত। আগের দিন দারুণ ব্যাট করেও সেঞ্চুরি মিস করেছেন বিরাট কোহলি (৭০)। তবে সরফরাজ আর সেই ভুল করেননি। গতকাল তিনি ঠিক ৭০ রানেই অপরাজিত ছিলেন। আজ প্রথম সেশনেই ১১০ বলে ১৩ চার এবং ৩ ছক্কায় পৌঁছে যান তিন অংকের ম্যাজিক ফিগারে।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪০২ রানের জবাবে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৬ ওভারে তুলেছে ৩ উইকেটে ৩১৮ রান। তারা পিছিয়ে আছে মাত্র ৩৮ রানে। প্রথম ইনিংসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার লজ্জা পেয়েছিল ভারত। সেই দলটিই দ্বিতীয় ইনিংসে নিজেদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত