সরকারের আশ্বাসে ৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

সরকারের আশ্বাসে রাজধানীর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে সমস্যার কোনো সুরাহা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।

আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রাকিব সনেট এই তথ্য জানিয়েছেন।

এদিন সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করেন এলজিইডির আওতায় সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিকেলে তাদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের আশ্বাসে তারা বিকেল ৫টা নাগাদ শাহবাগের অবরোধ তুলে নেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রাকিব সনেট বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। সংস্কার কমিটি বা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা হলে আরও বড় কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

চাকরি জাতীয়করণের দাবিতে শনিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে কর্মীরা। এতে বন্ধ থাকে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কয়েকশ কর্মচারী সকাল ১০টার দিকে শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত