সিএমপি কমিশনারসহ তিন ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১০:১৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নির্বিচারে হত্যা ও নির্যাতনের অপরাধে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি এসব সংগঠনের নেতাদের ধরতে সিএমপি কমিশনারসহ তিন ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের প্রেস ক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এরপর সমাবেশ শেষে মিছিল নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামের জামালখানে শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ এই বিক্ষোভের ডাক দেয়।

বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন,  যারা এদেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে; তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সকল দোসর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছি

তিনি বলেন, এখন পর্যন্ত যেহেতু ছাত্রলীগ-যুবলীগের খুনি-সন্ত্রাসীদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে পারেনি; তাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। জামালখানে খুনি শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রশাসন আইনের আওতায় আনতে না পারে তাহলে চকবাজার, কোতোয়ালী এবং পাঁচলাইশ থানার ওসিকে পদত্যাগ করতে হবে। একইসাথে সিএমপি কমিশনারকেও প্রত্যাহার করতে হবে। যদি না হয় আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি দেব।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাব চত্ত্বরে সমবেত হতে থাকেন। বিকেল চারটার দিকে প্রেস ক্লাব চত্ত্বর ছাড়িয়ে জামালখান পর্যন্ত যায় সমাবেশ। বিক্ষোভে অংশ নেন অনেক নারী শিক্ষার্থীরাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত