বেসরকারি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান নেসলের গাড়ি থামিয়ে দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা প্রায় ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া নিয়ে গেছে চেকের পাতাও।
আ/জ রবিবার সকাল সোয়া দশটায় রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সোয়া দশটার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মাদীয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল নেসলে কম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি। লিমিটেড ৩ নম্বর সড়কের কার্লভার্টের সামনে আসতেই চারটি মোটরসাইকেল গাড়িটির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন। এতে গ্লাস চুরমার হয়ে যায় এবং চালক গাড়িটি থামাতে বাধ্য হয়।
গাড়িটির চালক মোহাম্মদ আলী সেই সময়ের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি ও আমার সহকারী শরীফ পণ্য ডেলিভারি দিতে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে অফিসের হিসাব বিভাগের সাইফুল গাড়িতে করে শ্যামলী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। হঠাৎ লিমিটেড ৩ নম্বরে কালর্ভার্রটের সামনে আসতে অস্ত্র হাতে কয়েকজন আমাদের থামতে বলে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে গ্লাসে এলোমেলো কোপায়। গাড়িতে টাকার ব্যাগ ছিল, চেক ছিল, সব নিয়ে গেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাইক ছিল মোট চারটা। এর মধ্যে এক বাইকে ছিল চারজন, দুইটায় তিনজন। আরেকটায় দুইজন। সবাই হাতে রামদা, চাপাতি ছিল। ঘটনাটা সবার সামনে ঘটছে, কেউ বাধা দেয়নি, কেউ এগিয়েও আসেনি।
এদিকে স্থানীয় ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতির পর জনসম্মুখেই পালিয়ে গেছে ডাকাতরা। মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক ধরে ঢাকা উদ্যান এলাকার দিকে যেতে দেখা যায় তাদের।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, হাউজিং লিমিটেড ৩ নম্বরে নেসলে কোম্পানির একটি গাড়ি থেকে নগদ ১১ লাখ ৮৫ হাজার টাকা ও কিছু চেকের পাতা ছিনতাইয়ের হয়েছে। ঘটনার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগীরা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
অভিনয় ছেড়ে দিচ্ছেন অহনা রহমান
ইসরায়েলে হামলার আগের দিন সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছিলেন সিনওয়ার?