ইসরায়েলে হামলার আগের দিন সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছিলেন সিনওয়ার?

  • ভিডিওতে দেখা যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে হেঁটে যাচ্ছেন সিনওয়ার, সঙ্গে ছিল স্ত্রী এবং দুই পুত্র
  • ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হয়েছে সিনওয়ারকে
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম

গত বুধবার গাজার রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় ইসরায়েলি টহল সেনাদের অভিযানের সময় নিহত হন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সেনাদের গুলিবর্ষণে নিহত হন তিনি।

সিনওয়ারকে হত্যার পর এবার তার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে হেঁটে যাচ্ছেন ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। সঙ্গে যাচ্ছেন তাঁর স্ত্রী এবং তার দুই পুত্র। খবর এনডিটিভি।

ইসরায়েলের দাবি, ওই ভিডিওটি ২০২৩ সালের ৬ অক্টোবরের। ঠিক যার পরের দিনই ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা। যার জেরে শুরু হয়েছিল ইসরায়েল বনাম হামাসের রক্তক্ষয়ী যুদ্ধ। বর্তমানে এই যুদ্ধের পরিধি বেড়ে দাঁড়িয়েছে লেবাননেও। কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের প্রাণ।

ভিডিওতে সিনওয়ারকে ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা আগে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে দীর্ঘকালীন থাকার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের সূত্রপাত ঘটানো হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হয়েছে সিনওয়ারকে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে জানান, এই সুড়ঙ্গটি গাজার খান ইউনিসে অবস্থিত। ভিডিওতে দেখা যায়, সুড়ঙ্গ দিয়ে প্রথমে হেঁটে এসেছে দুই বালক। তারা সিনওয়ারের পুত্র বলে দাবি করেছে ইসরায়েল। এর পরে এসেছেন সিনওয়ার নিজে। তাঁর হাতে বেশ কিছু জিনিসপত্রের ব্যাগ ছিল। তাঁর পরে সুড়ঙ্গ দিয়ে আসেন এক নারী, যিনি সিনওয়ারের স্ত্রী।

হাগারির মতে, পরিবারটি দীর্ঘকালীন থাকার জন্য সেখানে বসতি স্থাপন করছিল বলে মনে হয়েছে। 

ভিডিওতে সিনওয়ার এবং তার ছেলেকে বারবার একটি সুড়ঙ্গে উঠানামা করতে দেখা যায়, খাবার, পানি, বালিশ, একটি প্লাজমা স্ক্রিন এবং গদিসহ থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাতায়াত করতে দেখা যায় তাদের। এই ফুটেজটি পরের দিন হামাসের হামলা চালানোর সময় সিনওয়ারের দূরদর্শিতা এবং দীর্ঘ সময় ভূগর্ভে থাকার প্রস্তুতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

গত ১৭ অক্টোবর গাজার একটি ভবনে ইসরায়েলি সেনার হামলায় সিনওয়ারের মৃত্যু হয়। তাঁর মাথায় গুলি করা হয়েছিল। তার পর মৃত্যু নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আঙুলও কেটে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত