প্রায় শত বছরের চেষ্টার পর ম্যালেরিয়া মুক্ত হয়েছে উত্তর আফ্রিকার দেশ মিসর। রোববার (২০ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মিসরকে ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা মিসরের এই অর্জনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ‘ম্যালেরিয়া মিশরীয় সভ্যতার মতোই পুরনো, কিন্তু ফারাওদের যে রোগটি জর্জরিত করেছিল তা এখন তাদের ইতিহাসের অন্তর্ভুক্ত।’
বিবিসি জানায়, মিশরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর আগে মশাবাহিত মারাত্মক সংক্রামক রোগটি নির্মূলের জন্য চেষ্টা শুরু করে।
মূলত সার্টিফিকেশন এমন সময়ে মঞ্জুর করা হয় যখন একটি দেশ প্রমাণ করতে পারে যে, ট্রান্সমিশন চেইন কমপক্ষে আগের টানা তিন বছরের জন্য ব্যাহত হয়েছে। ম্যালেরিয়ার কারণে প্রতি বছর কমপক্ষে ৬ লাখ মানুষ প্রাণ হারান। আর তাদের প্রায় সবাই আফ্রিকায়।
রোববার এক বিবৃতিতে ডব্লিউএইচও প্রাচীনকাল থেকে দেশটিতে বিদ্যমান রোগের অবসান করার প্রচেষ্টা চালানোর জন্য মিসরীয় সরকার এবং জনগণের প্রশংসা করেছে।
এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর পর মিসরই হলো ডব্লিউএইচওর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রত্যয়িত তৃতীয় দেশ। এছাড়া বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪৪টি দেশ এবং একটি অঞ্চল এই মাইলফলক অর্জন করেছে।
তবে ডব্লিউএইচও বলেছে, এই সার্টিফিকেশনটি শুধুমাত্র ‘একটি নতুন পর্যায়ের সূচনা’। আর তাই মিসরকে তার ম্যালেরিয়া-মুক্ত অবস্থা ধরে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
লেবাননে স্থল অভিযান বন্ধে হোয়াইট হাউসকে ইসরায়েলের শর্ত
‘পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ করা না করার প্রশ্নটাই অবান্তর’