‘পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ করা না করার প্রশ্নটাই অবান্তর’

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম

গণ অদ্ভূত্থানের মুখে পতিত সরকারের পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগ করা আর না করার প্রশ্নটাই অবান্তর বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ সোমবার সকালে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশে তারা একথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, গণ অদ্ভূত্থানের মুখে পতিত সরকারের পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগ করা আর না করার প্রশ্নটাই অবান্তর। বর্তমান সরকারকে অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ সাধারণ মানুষের দুর্গতি কমাতে আগামী ছয় মাস পরিবারপ্রতি নগদ ছয় হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি জানান। তারা বলেন, অভাবী ও অভূক্ত মানুষ সংস্কারের ভালো কোনো প্রস্তাবকেও গ্রহণ করতে পারবেন না। সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে যেসব ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চলছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের আড়াই মাস পর মানুষ এখন সরকারের সাফল্য দেখতে চায়। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকেও পুনর্গঠন করুন।  এখন সরকারের কোনো অজুহাত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

নেতৃবৃন্দ সরকারকে তাদের কাজের অগ্রাধিকার নির্দিষ্ট করে জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক অভিযাত্রায় পদক্ষেপসমূহ দেশবাসীর কাছে হাজির করার আহ্বান জানান। একই সঙ্গে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ, ৭ মার্চ, ২ মার্চসহ ৪ নভেম্বর সংবিধান দিবসের মতো সর্বজন গৃহীত দিবসসমূহ নিয়ে বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ দেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত