মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত শনিবার রাতে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) হরিশ চান্দের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভুক্তভোগী ওই নারী কনস্টেবল অযোধ্যায় কর্মরত ছিলেন। তার বাড়ি কানপুরে। শনিবার রাতে পরিবারের সঙ্গে দেখা করতে বাড়ি ফিরছিলেন তিনি। গ্রামে ফেরার পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয় তার। ওই প্রতিবেশী মোটরসাইকেলে ফিরছিলেন। ওই নারী কনস্টেবলকেও তিনি গ্রাম পর্যন্ত পৌঁছে দেবেন বলে মোটরসাইকেলে তোলেন। এরপর গ্রামের দিকে না গিয়ে অন্যদিকে মোটরসাইকেল ঘুরিয়ে নেন ওই প্রতিবেশী। একটি ফাঁকা জায়গায় বাইক থামিয়ে ওই নারীকে তিনি ধর্ষণ করেন।
কানপুর সংলগ্ন ঘতমপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার রণজিৎ কুমার জানিয়েছেন, ওই নারী পুলিশের পোশাক খোলার চেষ্টা করতেই তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন। কিন্তু তখন আশপাশে কেউ ছিলেন না। শেষে অভিযুক্তের আঙুলে কামড়ে কোনোরকমে নির্যাতিতা সেখান থেকে পালিয়ে যান। পরে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, ইচ্ছাকৃতভাবে জখম করার অভিযোগসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
সৌদিতে ধরপাকড় চলছেই, ৭ দিনে গ্রেপ্তার আরও ২১৯৭১