যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট মোড়ের কাছে বড় মেঘলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। আরেকজনের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আহতরা হলেন- মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বেনাপোল) থেকে আসা যশোরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিয়াম এক মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং জয় ও অজ্ঞাতনামা অপর ব্যক্তি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিতে ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত