রূপগঞ্জ

চাঁদা না পেয়ে কেয়ারটেকারকে পিটিয়ে আহত

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে সিরাজ খন্দকার নামে এক কেয়ারটেকারকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চাঁদাবাজরা ওই বাড়ির গাছপালা কাটার পাশাপাশি সাইনবোর্ড ভাঙচুর করে। এ ঘটনায় সিরাজ খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানা ও সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ দেন।

কেয়ারটেকার সিরাজ খন্দকার জানান, কর্নেল জাহাঙ্গীর হোসেন উপজেলার টেকনোয়াদ্দা এলাকার ৮ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটিতে তিনি গাছপালা ও নিজের বায়না করা সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। জমিটি দেখাশোনার জন্য তাকে কেয়ারটেকার হিসেবে রাখেন। স্থানীয় চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন, রাসেল ও রানা সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের জমিতে গিয়ে তার কাছে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় জমিতে লাগানো গাছপালা কাটার পাশাপাশি সাইনবোর্ড ভেঙে ফেলে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে চলে যায়। 

তিনি আরও জানান, এর আগে চলতি বছরের ৭ জুন ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রফিকুল ইসলাম লিটন গ্রেপ্তার হয়েছিল। জামিনে বেরিয়ে এসে আবারও সে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম লিটন বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত