একটা সময়ে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন ফারজানা ছবি। এরপর কমিয়ে দিয়েছেন। মাঝেমধ্যেই দেখা মেলে তার। এর মধ্যেই নতুন খবর, দেশের একমাত্র সরকারি বেতার স্টেশন ‘বাংলাদেশ বেতার’-এর সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
ফারজানা ছবি বলেন, ‘ছোটবেলায় আম্মা, আব্বা আর বড় ভাইয়া আমাকে চট্টগ্রাম বেতার কেন্দ্রে নিয়ে যেতেন। আবৃত্তি করতাম, ছড়া বলতাম। এখন তন্ময় (স্বামী) নিয়ে যায়। সব কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। অংক কষে জীবনকে ভারাক্রান্ত করিনি কখনো। গত ১৯ অক্টোবর অফিশিয়ালি নিয়োগপত্র নিয়ে বাংলাদেশ বেতারে প্রথম সংবাদ পড়লাম। এই কাজটিতে আমার পরিবারের পাশাপাশি নিরলসভাবে যিনি উৎসাহিত করে মনোঃশক্তি দিয়েছেন, তিনি যাত্রী ফেরদৌসি আপা, আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা।’
তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝেমধ্যে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। আমার জীবনের যাত্রাপথকে যারা প্রতিমুহূর্তে উপভোগ্য করে তুলেছেন তাদের সবার কাছে আমি ঋণী।’
সবশেষে তিনি জানান তার স্বামী তন্ময় গত রবিবার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেন। সব মিলিয়ে বেশ আনন্দেই সময় কাটছে তাদের।
