‘আগে বুঝিনি বিয়ের প্রস্তাব পেলে কেন কাঁদে’

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:৪১ এএম

বিয়ে করছেন কোরীয় অভিনেত্রী নাম বো-রা। আগামী বছরের মে মাসে সিউলের একটি ভেন্যুতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারবেন তিনি।

দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, এখনো প্রেমিকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী। তবে পাত্র তার সমবয়সী ও পেশায় একজন ব্যবসায়ী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা আসে।

কিছুদিন আগে জাপানে ঘুরতে গিয়েছিলেন এই জুটি। তখন প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি আগে বুঝিনি কেউ প্রস্তাব পেলে কেন কাঁদে। এখন বুঝতে পারছি। প্রথমত, বিস্ময়ের কারণে এবং দ্বিতীয়ত, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

অভিনেত্রী আরও জানান, তার প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আগেই করেছিলেন। সেদিন তিনি ওয়াশরুমে যাচ্ছেন বলে কিছু একটা নিয়ে ফিরে আসেন। পরে দেখা যায় ওটা ছিল আংটি।

বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ায় এ জুটি। তারা প্রায় দুই বছর ধরে ডেট করছেন। নাম বো-রা জানান, ডেটিং শুরুর অনেক আগে থেকেই তারা একে অন্যকে চিনতেন। গির্জায় তাদের পরিচয়।

২০০৬ সালে অভিনয়ে নাম লেখান নাম বো-রা। এরপর ‘রোড নম্বর ওয়ান’, ‘মুন এমব্রাসিং দ্য সান’ ও ‘সানি’সহ বেশ কয়েকটি সিনেমা এবং ড্রামায় অভিনয় করে আলোচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত