মিরপুরে আজ মঙ্গলবার সকালে যখন দ্বিতীয় দিনের খেলা শুরু হলো, গ্যালারি খা খা করছে। এ কোণে, ও কোণে, মুষ্টিমেয় কিছু দর্শক। স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তা। এর মাঝে বাংলাদেশি বোলাররা হয়তো দর্শকদের আরও নিরুৎসাহিত করেছেন। তবে বেলা যতই বাড়তে লাগল, ততই বদলে যেতে লাগল গ্যালারির চিত্র।
ম্যাচ শুরুর আগের কয়েকদিন সাকিব আল হাসানের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে। দুই পক্ষে মারামারি হয়েছে, অ্যাকশনে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সাকিবকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয়, সেটা নিশ্চিত করতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম।
মিরপুর ২ নম্বর থেকে প্রশিকার মোড় পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা। দুই পাশে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারা। টিকিট দেখিয়ে রাস্তায় প্রবেশ করতে হচ্ছে দর্শকদের। এমনকী সাংবাদিকরাও এক্রিডিটেশন কার্ড দেখিয়ে স্টেডিয়ামের সামনের সেই রাস্তায় প্রবেশের সুযোগ পেয়েছে। স্টেডিয়ামের গেটে তল্লাশিও করা হয়েছে।
এতকিছুর মাঝেও সাকিবভক্তরা ঠিকই এসেছেন গ্যালারিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা বেড়েছে। তবুও সেটা হাজার দুয়েকের বেশি নয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুটি উইকেট হারিয়েছে। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে গেছেন সাদমান ইসলাম এবং মুমিনুল হক। অমনি গ্যালারিতে শুরু হয় ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান।
চার নম্বর ব্যাটার হিসেবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাঠে নামার সময় ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান যেন আরও বেড়ে যায়। একটা সময় যা বদলে যায় ‘সাকিব’ ‘সাকিব’ স্লোগানে। এদিন দুপুরের পর থেকে মিরপুরের গ্যালারিতে থেকে থেকেই শোনা গেছে ‘সাকিব’ ‘সাকিব’ স্লোগান। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা সাকিব না থেকেও যেন এই টেস্টে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ইনিংসে মুমিনুলের রান ৩২!
প্রোটিয়াদের বড় লিড, ইনিংস হার এড়াতে পারবে বাংলাদেশ?
সাকিব ভাইকে ছাড়াও আমরা খেলেছি-জিতেছি: তাইজুল
সাকিবের ওপর এত ক্ষোভ কেন দেশবাসীর একাংশের?