বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

যশোরের বেনাপোলের বিপরীতে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির। তিনি জানান, পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সাইনি সোমবার রাতে আমাকে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন বাতিল করা হয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৈরী আবহাওয়ার কারণে পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই আজ (মঙ্গলবার) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান বলেন, ‘পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের কার্যক্রম বাতিল করেছে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ওপারের বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন, আজ সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত