অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়ে প্রায়শই বিভিন্ন সভা-সমাবেশের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। ফলে ভোগান্তিতে পড়তে হয় এ শহরের বাসিন্দা ও চলাচলকারীদের।
এমন পরিস্থিতিতে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেষ্ট হওয়া, আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম জোরদার করা, বিভিন্ন অপরাধী ও আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ, বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আন্দোলন-সমাবেশকারীদের রাস্তায় সমাবেশ না করে দাবিদাওয়াগুলো এ–সংক্রান্ত সরকারি কমিটি বা কমিশনে পেশ করা, জনভোগান্তি দূর করতে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ অনুষ্ঠান করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এ বিষয়ে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া ইত্যাদি সিদ্ধান্ত গৃহীত হয়।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম