সংবাদ সংগ্রহে ড্যাবের বাধা, বিএইচআরএফের নিন্দা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসকদের দুই গ্রুপের চলমান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার শিকার হয়েছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য ও স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল মেডিভয়েসের বার্তা সম্পাদক মো. মনির উদ্দিন। এ সময় তার ক্যামেরা কেড়ে নেওয়া এবং সংগৃহীত সব ফুটেজ মুছে ফেলা হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে অধিদপ্তরে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনার তিব্র নিন্দা জানান বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এক বিবৃতিতে সংগঠনের নেতৃদ্বয় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পাল্টাপাল্টি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যায় মেডিভয়েসের সংবাদকর্মীরা। ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে ড্যাবের চিকিৎসকদের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে জোর করে ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া এবং সংগৃহীত ভিডিও ফুটেজ ডিলিট করেন তারা।

নেতৃদ্বয় আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করে। সংবাদমাধ্যমের কাজ সত্য ও সঠিক তথ্য তুলে ধরা, যা সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জনগণের অধিকার নিশ্চিত করার অপরিহার্য অংশ। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও বাধা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।

বিবৃতিতে অনতিবিলম্বে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত