দীর্ঘ ৪৪ মাস টেস্ট থেকে দূরে থাকার পর হঠাৎ করেই পুনের টেস্টে ভারতীয় স্কোয়াডে ডাক পান ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতের বিশাল পরাজয়ের পর ব্যাটিং দক্ষতা ও বোলিং সামর্থ্যের কারণে তাকে একাদশে নেওয়া হয়। আর পুনে টেস্টের প্রথম দিনই ৭ উইকেট নিয়ে চমকে দিয়েছেন এই বাহাতি স্পিনার। সাথে রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট নিলে টস জয়ী নিউজিল্যান্ডকে ২৫৯ রানেই আটকে দিতে পেরেছে ভারত।
মোট তিন স্পেলে বল করেন সুন্দর। প্রথম দুই স্পেলে উইকেট না পেলেও, তৃতীয় স্পেলে ১০.১ ওভারে মাত্র ২৮ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে গুটিয়ে দেন। ৫৯ ওভারে ১৯৭/৩ ছিল নিউজিল্যান্ড। এসময় তৃতীয় স্পেলে বল করতে এসেই প্রথম বলেই রাচিন রবীন্দ্রেকে বোল্ড করে কিউই ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন সুন্দর। এরপর টম ব্লান্ডেল এবং ড্যারিল মিচেলকে তিনি আউট করলে মোড় ঘুরে যায় খেলার।
সুন্দরের বোলিং পারফরম্যান্স শুধু টেস্টে নয় তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেই সেরা। ২০১৭ সালে দুলিপ ট্রফিতে ৮৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তার আগের চার টেস্টের সাত ইনিংসে মাত্র ৬ উইকেট পেয়েছিলেন সুন্দর।
ভারত খেলতে নেমে তৃতীয় ওভারেই রোহিত শর্মাকে (০) হারায়। যশস্বী জয়সোয়াল আর শুবমান গিল ধরে রেখে খেলে বাকি ৮ ওভার পার করে দেন।
টিকটকে দেখা যাবে মেসির খেলা
শান্ত দায় দিলেন ব্যাটারদের, মিরাজ করলেন আত্মসমালোচনা