ঘূর্ণিঝড় দানা

কীর্তনখোলার পানি বিপৎসীমার ওপরে, বরিশালে ব্যাপক জলাবদ্ধতা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম

ভারতে আঘাত হানার কথা থাকলেও ঘূর্ণিঝড় দানা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বরিশালসহ পুরো বিভাগের জেলাগুলোতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং নদ-নদীগুলোর পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করছে।

আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে ছিল, তবে বিকেল ৩টার দিকে তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে উঠে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, শুধু কীর্তনখোলা নয়, বিষখালী, মেঘনা, পায়রা, বুড়িশ্বর, বলেশ্বর, সন্ধ্যা, তেঁতুলিয়াসহ অন্যান্য নদীর পানির উচ্চতাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, ঘূর্ণিঝড় দানা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা না থাকলেও, ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে এটি শুক্রবারের মধ্যে আঘাত হানতে পারে। বরিশালে বৃষ্টিপাতও বেড়ে চলছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৫৬.০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মাঝে মাঝে ৪০-৪৫ নটিক্যাল মাইল গতিতে দমকা হাওয়া বইছে, যা জনজীবনকে ব্যাহত করছে।

সরেজমিনে বরিশাল শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে সদর রোড, অক্সফোর্ড মিশন রোড, পলাশপুর, রসূলপুর, মোহাম্মদপুর, কাউনিয়া, প্যারারা রোড, রূপাতলী হাউজিং, কলেজ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা এলবার্ট বল্লভ রিপন জানান, অল্প বৃষ্টিতেই তাদের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং ঘরের ভেতরে পানি ঢোকে। তিনি এলাকাবাসীর পক্ষে স্থায়ী সমাধানের দাবি জানান।

এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, নদী বন্দরে ঘূর্ণিঝড়ের বড় কোনো প্রভাব না থাকলেও, ২ নম্বর সতর্ক সংকেতের কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত