সাবেক আইজিপি ও র‌্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে মানবপাচার মামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম

দিনাজপুরে পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল ইসলাম ও র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদসহ ১৮ জনকে আসামি করে মানবপাচারের মামলা করেছেন আতিউল্লাহ সরকার নামে এক যুবক। 

বুধবার (২৩ অক্টোবর) বিকালে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই মামলার আবেদন করেন। আবেদন আমলে নিয়ে আগামী ৭ দিনের মধ্যে এজাহার নেওয়ার জন্য পার্বতীপুর থানাকে নির্দেশে দিয়েছেন বিচারক। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। 

বাদী আতিউল্লাহ সরকার পার্বতীপুর উপজেলার শেরপুর (তেলিপাড়া) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে ও পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম। আসামিদের মধ্যে ৫ জন এছাড়া সবাই পুলিশ ও র‌্যাবের সদস্য। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জুন রাত সাড়ে ৯টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জাহানাবাদ মন্ডলপাড়া মসজিদে তারাবির নামাজ পড়ার সময় সাদা পোশাকে র‌্যাব সদস্যরা আতাউল্লাহ সরকারকে তুলে নিয়ে যায়। পরে রাতে তাকে অপরিচিত জায়গায় আটক রেখে নির্যাতন করা হয়। এরপর ২০১৮ সালের ৩১ জানুয়ারি রাজশাহী রাজপাড়া থানায় সোপর্দ করে র‌্যাব-৫ এসআই সোহেল রানা বাদী হয়ে সন্ত্রাসদমন আইনে মামলা করে।

পরে আদালতের মাধ্যমে বাদীকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেই মামলায় প্রায় চার বছর কারাগারে আটক থাকার পর ২০২২ সালের ১৪ মার্চ নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্তি পান। বাদী দীর্ঘদিন আটক থাকায় তার শিক্ষাজীবন ধ্বংস হয়, শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে। এতে বাদীর প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন বাদী।

মামলার অন্য আসামিরা হলেন- র‌্যাবের এডিশনাল এসপি নূরে আলম ও আনোয়ার হোসেন, র‌্যাবের এসআই সোহেল রানা, র‌্যাব-৫ এর পরিদর্শক সোহেল রানা, আশরাফ উল আলম, র‌্যাবের হাবিলদার মহসিন আলী, ল্যান্স নায়ক মাহবুবুর রহমান, কনস্টেবল হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, এসআই আনিসুর রহমান, এসআই মো. আনিছুর রহমান, এএসআই সোহেল রানা, পার্বতীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা ও রাজশাহীর রাজপাড়া থানার এসআই মোহাম্মদ মতিউর রহমান ও পার্বতীপুরের জাহানাবাদ স্থানীয় বাসিন্দা আনিসুজ্জামান সরকার, আনোয়ার হোসেন, জামিল হোসেনক, লুৎফুর রহমান, তহুবার রহমান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত