শান্তকে এক ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম

বর্তমান সময়ে প্রচুর খেলা থাকায় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ হয় না। অধিনায়কদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার ওপর কেউ যদি একসঙ্গে তিন ফরম্যাটের নেতৃত্ব সামলায়, তার ওপর চাপটা বেশিই থাকে। নাজমুল হোসেন শান্ত এই সমস্যাতেই আছেন বলে মনে করেন হাবিবুল বাশার। একইসঙ্গে বাইরের চাপও শান্তর বাজে পারফরমেন্সের জন্য দায়ী। তাই তাকে অন্তত একটা ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিলেন হাবিবুল।

আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বলেন, ‘শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু ওর সেই ব্যাটিংটা আমরা দেখতে পারছি না। ওর কাছে দলের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেভাবেই তৈরি হয়েছে, সেভাবেই পারফর্মেন্স করে আসছিল। অধিনায়কত্ব ওর ওপর চাপ সৃষ্টি করছে কিনা… তিনটা ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই চ্যালেঞ্জিং। অধিনায়ক যেই থাকুক না কেন, তাকে যদি আমরা সবসময় চাপে রাখি, তাহলে তার কাজটা কঠিন হয়ে যায়। এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হবে। এটাই মনে হয় আমাদের সংস্কৃতি যে, অধিনায়ক হলেই তাকে আমরা চাপে ফেলে দেই।’

এই কারণে শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে নন হাবিবুল। তিনি চান, ক্রিকেট সংস্কৃতির পরিবর্তন, ‘শান্তকে পরিবর্তন তো করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কিনা। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুই দিন পর ক্যাপ্টেন খুঁজে পাবেন না। কোনো দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন আনসেটলড হলে দলের সেটলড পারফর্মেন্স করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’

সব কিছুর পরও শান্ত দলের অন্যতম সেরা ব্যাটার। তার ওপর দল নির্ভর করে থাকে। তাই ব্যাটসম্যান শান্তকে ফিরে পাওয়ার একটা উপায়ও বাতলে দিয়েছেন হাবিবুল, ‘আমাদের হাতে খুব একটা অপশন আছে সেটা কিন্তু নয়। সিনিয়ররা সবাই কমবেশি চলে গেছে। বদল করতে চাইলে সমস্যা নেই। শান্তর জন্য তিনটা ফরম্যাট হয়তো কঠিন হতে পারে। কারণ, এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। তিনটা ফরম্যাট একজনের জন্যে চাপ হয়ে যায়। তার পারফরমেন্সে চাপ পড়তে পারে। সেই চাপ কমানোর জন্যে একটা ফরম্যাটে যদি অন্য কাউকে (অধিনায়কত্ব) দেওয়া যায়, সমস্যা তো দেখি না। তবে অন্য যেই অধিনায়ক হোক, তাকে সহযোগিতা করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত