জাতিসংঘ মহাসচিবকে ইউক্রেনে ঢুকতে দেবেন না জেলেনস্কি!

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত গুতেরেস রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়ায় তার প্রতি নাখোশ হয়েছেন জেলেনস্কি। আর তাই তিনি তাকে কিয়েভে ঢুকতে দেবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর বিবিসির।

জেলেনস্কির কার্যালয়ের কর্মকর্তা বলেন, গুতেরেস রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে উপস্থিত হয়ে যুদ্ধ উস্কে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেছেন, আগ্রাসক দেশের মাটিতে তিনি দিন কাটিয়েছেন। এরপর তাকে ইউক্রেনে অভ্যর্থনা জানালে তা আজব দেখাবে। রাশিয়া ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। সেই দেশে গুতেরেসের সফর নিয়ে ইউক্রেন হতাশ।

গুতেরেস তার রাশিয়া সফরের সময় ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত শান্তির’ আহ্বান জানিয়েছেন এবং পুতিনকে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় গুতেরেস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছিল বলে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান। তিনি বলেন, ‘সেই সময় থেকে জাতিসংঘ ও ইউক্রেন একটি পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করে যাচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এক কর্মকর্তা জানান, ব্রিকস সম্মেলনে গুতেরেসের উপস্থিতির কারণে জেলেনস্কি এখন সেই সফর প্রত্যাখ্যান করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। 

তবে গুতেরেসের কাজান সফরের আগে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, জাতিসংঘ মহাসচিব সুইজারল্যান্ডে প্রথম বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেননি। কিন্তু তিনি যুদ্ধাপরাধী পুতিনের কাজান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটি ভুল সিদ্ধান্ত। এতে শান্তি প্রচেষ্টা এগিয়ে যাবে না। এতে কেবল জাতিসংঘের সুনাম নষ্ট হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত