ইরানে হামলায় ইসরায়েলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এলাকা এবং বিমান প্রতিরক্ষাসহ কৌশলগত সামরিক স্থাপনায় ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

তবে ইরান বলেছে, তারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি হামলা ‘সফলভাবে মোকাবিলা’ করেছে।

এদিকে ইরানে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরায়েলের এ হামলার প্রতি সমর্থন ব্যক্ত করে এ দুই দেশ একে ‘আত্মরক্ষা’ বলে আখ্যা দিয়েছে।

ইসরায়েলের এ হামলাকে ‘আত্মরক্ষার’ একটি মহড়া উল্লেখ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানকে ইসরায়েলের ওপর হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে আর কোনো উত্তেজনা ও লড়াই না বাড়ে।’

যুক্তরাষ্ট্র এই অভিযানে অংশ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে কূটনীতি ত্বরান্বিত এবং উত্তেজনা প্রশমন করা আমাদের লক্ষ্য।’

যুক্তরাজ্যও ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং দাবি করেছে, আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়েছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, ইরানি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে।

ইরানের জবাব দেওয়া উচিত হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এড়াতে হবে। সব পক্ষকে সংযম প্রদর্শনের করা উচিত।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত