শুনানিতে ফজলে করিমকে ভার্চ্যুয়াল সুবিধা দেয়ায় প্রতিবাদ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১৩ পিএম

চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমকে আদালতে স্বশরীরে হাজির না করে কারাগার থেকে ভার্চ্যুয়ালি মামলার শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে আদালত ভবনসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ছাত্র-জনতা ‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই’ এ রকম নানা স্লোগান দেন।

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়।

ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। পরে ২৪ সেপ্টেম্বর ফজলে করিমকে সকাল সাড়ে ৭টায় আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানো হয় ৫ মামলায়।

একই সঙ্গে রাউজান থানা এবং নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানার পৃথক তিনটি মামলায় মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক এই এমপির ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত