চট্টগ্রামে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অঙ্কনের টেস্ট অভিষেক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম

চট্টগ্রাম সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই অনেকটা নাটকীয়ভঅবে টেস্ট অভিষেক হয়ে গেল মহিদুল ইসলাম অঙ্কনের। অনুশীলনে জাকের আলী মাথায় চোট পাওয়ায় গতকাল সোমবার তাকে এই টেস্টের দলে নেওয়া হয়েছিল। দেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ হলো অভিষেক।

বাংলাদেশের একাদশে এসেছে মোট ৩ পরিবর্তন। অসুস্থতার কারণে নেই লিটন দাস ও চোটের কারণে নেই জাকের আলী। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা দলে এসেছে ২ পরিবর্তন। দলে সুযোগ পেয়েছেন সেনরুয়ান মুথুসামি, ডেন প্যাটারসন। বাদ পড়েছেন ডেন পিট ও  ম্যাথু ব্রিটজ।

মাহিদুলকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন মুমিনুল হক। ছবি:বিসিবি

মিরপুরে প্রথম টেস্টে বোলাররা মোটামুটি ভালো করলেও ধসে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম ইনিংস থেমেছিল মাত্র ১০৬ রানে। অন্যদিকে এই সিরিজের আগে উপমহাদেশে ১০ বছর ধরে কোনো টেস্ট জয় ছিল না দক্ষিণ আফ্রিকার। অনভিজ্ঞ দল নিয়েও মিরপুরে তারা বড় জয় তুলে নেয়। তাই চট্টগ্রাম টেস্ট টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।

এমন ম্যাচের আগে বাংলাদেশ দলের আবহ মোটেও সুখকর নয়। প্রথম টেস্টের আগে যেমন সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত ছিল। এই টেস্টের আগেও আলোচনার শীর্ষে আছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার ইচ্ছা। এমনকী প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও এই পরিস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত