হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর পর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উপ-প্রধান নাঈম কাশেমকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালি গোষ্ঠীটি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ। খবর রয়টার্স।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।
ইসরায়েলি হামলায় সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিউদ্দিনের নাম বিবেচনায় ছিল। তবে নাসরাল্লাহর পর হাশেমকেও বিমান হামলায় হত্যার তথ্য নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন তারা।
হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা ৭১ বছর বয়সী নাঈম কাশেম ১৯৯১ সাল থেকে সংগঠনের উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন। নাঈম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ইসরায়েল-লেবানন সীমান্তে কিফার ফিলা গ্রামে বেড়ে ওঠেন তিনি।
হাসান নাসরুল্লাহ জীবিত থাকাকালেই নাঈম কাশেমকে হিজবুল্লাহর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ হিসেবে উল্লেখ করা হতো। তিনি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা ধর্মীয় পণ্ডিত।
২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য রেখেছেন। ২৭ সেপ্টেম্বর ব্যাপক বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার পর তিন বার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।
রোগীকে অজ্ঞান করে ধর্ষণ, পশ্চিমবঙ্গে চিকিৎসক গ্রেপ্তার