তন্ময় ভট্টাচার্যের স্পর্শ কখনো ‘ব্যাড টাচ’ মনে হয়নি: শ্রীলেখা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম

গত কয়েকদিন ধরেই ভারতের পশ্চিমবঙ্গে আলোচনায় রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। সম্প্রতি এক নারী সাংবাদিকের যৌন হয়রানির অভিযোগে তাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। ওই নারী সাংবাদিকের অভিযোগ, সাক্ষাৎকার নিতে গেলে ক্যামেরা পারসনের সামনেই তন্ময় ভট্টাচার্য তার কোলে বসে পড়েন।

তবে এ প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যের কোনো স্পর্শ তার কাছে ‘ব্যাড টাচ’ বলে মনে হয়নি।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, ‘তন্ময় দা সবার সামনেই হাসি-ঠাট্টা করেন। মজা করেন। চিরতরুণ একটা হাবভাব আছে তার মধ্যে। ফলে সেই দিক দিয়ে দেখলে তন্ময় দার কাছে কোনও মেয়ের গায়ে হাত দিয়ে কথা বলা কোনো আহামরি ব্যাপার না।’

সিপিআইএমের এ নেতাকে কখনো কারও কোলে বসতে দেখেননি বলে জানান শ্রীলেখা। তিনি বলেন, ‘দেখা হলে খুব সাধারণ ভাবেই কেমন আছ বলে জড়িয়ে ধরেন। আমাদের কাছে এটা জলভাত ব্যাপার। উনি আমার কাছে ফেলো কমরেড।’

তন্ময় ভট্টাচার্যের কোনো স্পর্শ তার কাছে ‘ব্যাড টাচ’ মনে হয়নি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘তবে তন্ময়দার ইয়ার্কির পাত্রী মেয়েটা হতে পারে না। আর না করলে তো ইয়েস মিনস ইয়েস, নো মিনস নো চলে আসছে। মেয়েটাকে আমি চিনি। আমার সাক্ষাৎকার নিয়েছিল, ভালো লেগেছিল।’

তবে ওই নারী সাংবাদিক যা বলেছে সেটা উড়িয়ে দেওয়ার মতো নয় বলেও মনে করেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আসলে সব ঘটনার দুটো দিক থাকে। এই বিষয়টা আমি না পারছি সম্পূর্ণ গ্রহণ করতে না পারছি এড়িয়ে যেতে।'

অভিনেত্রীর কথায় নারী সাংবাদিক যদি তার গায়ে হাত না দিতে না করে থাকে সেটা তন্ময় ভট্টাচার্যের বোঝা উচিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত