বেশ কিছুদিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ছয় বছরের সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের হাতেই ভরসা খুঁজে পেয়েছিলেন মালাইকা। কিন্তু এবার শোনা যাচ্ছে তাদের সম্পর্কেও নাকি ফাটল ধরেছে। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরব ছিলেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে অর্জুনের মন্তব্য যেন তাদের বিচ্ছেদের ইঙ্গিতই দিল।
গত সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর ও তার ‘সিংহাম এগেইন’ সিনেমার টিম। বহু মানুষের ভিড়ের মধ্যে কথা বলার সময় কিছু দর্শক মালাইকা মালাইকা বলে চিৎকার করতে থাকেন। অর্জুন হেসে তাদের দিকে তাকিয়ে বলেন, ‘আরে আস্তে, আমি এখন সিঙ্গেল।’
এরপরই সোশ্যালে আলোচনা হতে শুরু করে বিচ্ছেদে সিলমোহর দিলেন অভিনেতা। মালাইকা বলেন, ‘ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। সমালোচনা ও ট্রলিংয়ের মধ্যেও নিজেকে সামলাতে শিখেছি। এগুলো আমাদের জীবনের একটি অংশ, কিন্তু নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।’
এর আগে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মালাইকা বলেন, দুর্ভাগ্যবশত আমি কেবল এক বৃদ্ধা নই, আমার চেয়ে বয়সে অনেক ছোট একজন যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। এটা আমার সাহস বলতে পারেন। আপনাদের মনে হতে পারে, আমি ওর জীবন নষ্ট করছি, তাই না? কিন্তু এমনটা তো নয়, আমি কি এক স্কুলছাত্রের সঙ্গে প্রেম করছি? আর সে আমার কারণে স্কুল মিস করছে? তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে আমার কারণে?
মালাইকার কথায়, অর্জুন প্রাপ্তবয়স্ক। আমরা দুজনেই অ্যাডাল্ট। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি।
