৩ দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম

চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরের ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এই সংসদ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবশ্য পুলিশ তাকে পাঁচদিনের হেফাজতে নিতে আদালতে আবেদন করেছিল।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকেল পৌঁনে ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এম এ লতিফকে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান,  আলম হত্যা মামলায় সাবেক এমপি এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে আবারো কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সুবিধাজনক সময়ে তাকে কারাগার থেকে এনে আলম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।  

গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার মামলাসহ মোট ১২টি মামলা দায়ের হয়েছে।

এদিকে অজু করতে গিয়ে কারাগারের টয়লেটে পড়ে মাথায় আঘাত পান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। এরপর টানা ২০ দিন ছিলেন চট্টগ্রাম  মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রিজন সেলে। তিনদিন আগে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত