খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষুব্ধ জনতা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। তখন মিছিল থেকে কিছু বিক্ষুব্ধ মানুষ ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের ( ডাকবাংলা মোড়ের সন্নিকটে কার্যালয়টি অবস্থিত) সাইনবোর্ড ভেঙে ফেলে। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। এরপর প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। এরপরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ জনতা সন্ধ্যায় মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা করে। তারা অফিসকে কেন্দ্র করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের কোনো ব্যানার ছিল না। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত