৪ বছরে ৬৯ ওয়ানডে আর টি-২০, জ্যোতিরা টেস্ট খেলবে কবে!

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আসছে এক নতুন সুযোগের অধ্যায়। দীর্ঘ ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরেও ইংল্যান্ড সফরের স্বপ্ন অধরা ছিল তাদের জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। আইসিসির নতুন ভবিষ্যৎ সফর সূচি-এফটিপি প্রথমবারের মতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সফরের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ নারী দল।

সাড়ে চার বছরের এফটিপি চক্রে বাংলাদেশের নারী দল দ্বিপাক্ষিক সিরিজে খেলবে ৩৩টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। আইসিসি এবং এসিসির বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও, অন্যান্য দেশের সাথে সমঝোতা করে আরও ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে। 

আয়ারল্যান্ডের সঙ্গে তিন ওয়ানডে ও তিন টোয়েন্টি দিয়ে চার বছরের এফটিপি শুরু করছে বাংলাদেশ

আসন্ন চক্রে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেয়েরা ওয়েস্ট ইন্ডিজে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে। প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যাবে ২০২৭ সালে এবং অস্ট্রেলিয়া সফরে ২০২৬ সালের অক্টোবরে। আগামী বছর ভারত সফর ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান সফরের পরিকল্পনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার মনে করেন, ভবিষ্যৎ সূচি দেখে শুধু আনন্দিত হওয়ার সুযোগ নেই; প্রয়োজন ভালো পারফরম্যান্স। সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের মেয়েরা বৈশ্বিক মানের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে বলে মনে করেন তিনি। হাবিবুলের মতে, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের মেয়েদের ফিটনেস, টেকনিক, এবং ক্রিকেটার পুল উন্নত করার প্রয়োজন।

হাবিবুল জানান, বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন প্রতিভার ঘাটতি রয়েছে। আর তাই ঘরোয়া ক্রিকেটে খেলা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কিছু জেলা পর্যায়ে নারী ক্রিকেট চালুর জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সারা দেশে নারী ক্রিকেট ছড়িয়ে দেওয়া যায়।

অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বিসিবি নারী ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি প্রথম শ্রেণির চুক্তির পরিকল্পনা করছে। 'টেস্ট খেলতে হলে আগে দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে দেশে। আমরা তো এখনও মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট চালু করতে পারিনি। আগামী বছর আশা করি এটা আমরা শুরু করতে পারব। দুই মৌসুম খেলার পর অবস্থা বুঝে বিবেচনা করা যাবে' জানালেন হাবিবুল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত