ট্রাম্প নাকি কমলা, তারকারা কার পক্ষে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বিভক্ত সব শ্রেণি-পেশার মানুষ। নির্বাচনে হ্যারিস ও ট্রাম্প শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। কে জিতবেন তা নিয়ে স্পষ্ট কিছু বলা যায় না।

স্কাই নিউজ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর পক্ষে অনলাইনে বড় বড় তারকারা সমর্থন জানিয়েছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে, কেউ প্রচারণার ক্যাম্পেইনে হাজির হয়ে নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন। বিয়ন্সে, টেইলর সুইফট, জেনিফার লোপেজ, ব্রুস স্প্রিংস্টিন এমনকি দ্য অ্যাভেঞ্জার্সও কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ইলন মাস্ক, কিড রক এবং হাল্ক হোগানদের মতো তারকাদের।

হ্যারিসের পক্ষে কারা

গত ১০ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জমজমাট এক বিতর্ক অনুষ্ঠিত হয়। তা শেষ হওয়ার কয়েক মিনিট পরই কমলাকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন বিলিওনেয়ার তারকা টেইলর সুইফট। ইনস্টাগ্রামে সেই পোস্টে সুইফট লিখেছেন, ‘আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

এছাড়া চলতি মাসের শেষদিকে কমলা হ্যারিস-টিম ওয়ালজের নির্বাচনী সহায়তায় তহবিল সংগ্রহের জন্য একটি শো-তে অংশ নেন অভিনেতা ম্যাট ড্যামন ও লিন-ম্যানুয়েল মিরান্ডা। এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ ‍রিপোর্ট।

হ্যারিসের পক্ষে প্রচারে নেমেছিলেন র‍্যাপার এমিনেম। মিশিগানের ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচারে কমলার হয়ে কথা বলেন ৫২ বছর বয়সী এই গায়ক। কমলার নির্বাচনী প্রচারে কুইনের ‘সামবডি টু লাভ’ পারফর্ম করেন অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। সেখানে প্রথমবারের মতো খোলাখুলিভাবে কমলাকে সমর্থনের কথা জানিয়েছিলেন এ অভিনেত্রী। সরাসরি ছাড়াও কমলার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন কানাডীয়-মার্কিন গায়িকা নেইল ইয়ং, আলোচিত অভিনেত্রী অলিভিয়া রদ্রিগো। তালিকায় আরও রয়েছেন নির্মাতা স্পাইক লি, অভিনেত্রী জেমি লি কার্টিস, রোজি ও’ডোনেলও।

ট্রাম্পের পক্ষের তারকারা

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন জেসন অ্যাল্ডিয়ান। গত মাসে জর্জিয়ায় এক সমাবেশে ট্রাম্পের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। জুলাই মাসে তিনি ট্রাম্পের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘যোদ্ধাদের দেখতে এমনই হয়।’ অভিনেতা ও গায়ক জাকারি লিভাইও সাবেক মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করছেন।

তারকা শেফ পাউলা ডিন আগেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পক্ষে প্রচারও চালিয়েছেন তিনি। অভিনেতা ডেনিস কোয়েড, জন স্কেইনডার গত বছর থেকেই সমর্থন অব্যাহত রেখেছেন। ট্রাম্পের সমর্থনে ডেনিস বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা করেছেন, তার সবই আমার পছন্দ।’

এ ছাড়া সাবেক রিয়েলিটি টিভি তারকা অ্যাম্বার রোজ, র‌্যাপার ওয়াকা ফ্লোকা ফ্লেম, মিউজিশিয়ান কিড রক এবং অভিনেতা জাচারি লেভি ট্রাম্পকে সমর্থন করছেন। আরও রয়েছেন- কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, জন ভয়েটের মতো বিনোদন জগতের তারকারা। পাশাপাশি বিখ্যাত কুস্তিগীর হাল্ক হোগান এবং ব্যবসায়ী ইলন মাস্কও ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পক্ষে অবস্থান নিয়েছেন।

এই তারকাদের সমর্থন জনগণের কাছে কতটা প্রভাব বিস্তার করবে তা আজ নির্বাচনের মাধ্যই স্পষ্ট হয়ে যাবে। তারকাদের সমর্থন তাদের লাখো কোটি ভক্ত-অনুরাগীদের মনে প্রভাব ফেলতে পারে এবং তাদের সমর্থন একটি প্রার্থীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রতিটি প্রার্থীই নিজের পাশে জনপ্রিয় তারকাদের সমর্থন চান।

এদিকে হোয়াইট হাউজে নতুন চার বছরের মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোট দিচ্ছেন আমেরিকানরা। পঞ্চাশটি রাজ্যে এবং ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ায় ১৮ কোটি ৬০ লাখ ভোটার ভোট দিতে পারবেন। তবে বেশিরভাগ রাজ্যে ডাকযোগে ভোট এবং আগাম ভোট দেওয়ার ব্যবস্থা থাকায় আট কোটির বেশি মানুষ ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। জয়ের ব্যাপারে ডেমোক্র্যাট পদপ্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত