ধর্মীয় সংগঠন ‘ইসকন’ নিয়ে ফেসবুক স্ট্যাটাস ঘিরে নগরের হাজারি গলিতে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় সংগঠনটির সমর্থকরা জড়িত। বুধবার (৬ নভেম্বর) বিকেল তিনটায় নগরের দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় ৮২জনকে আটক করার কথা জানিয়ে সিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আটকদের ‘যাচাই-বাছাই হচ্ছে। প্রকৃত অপরাধীদের মামলায় আসামি করা হবে। এই নগরীকে শান্ত রাখতে যা যা করণীয় পুলিশ সবই করবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা পরিকল্পিত ছিল কিনা এবং আটকদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিএমপির এই কর্মকর্তা বলেন, ‘পুলিশের ওপর এসিড নিক্ষেপ এবং হামলা পরিকল্পিত ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধর্মীয় সংগঠন ইসকনের অনুসারীরা হামলায় জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাঁচজন সেনা সদস্য এবং একজন এসিড দগ্ধসহ ৯জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়ে সিএমপির এই কর্মকর্তা জানান, দুর্বৃত্তদের লুটপাট থেকে রক্ষা করতে হাজারি গলিতে স্বর্ণ ও ওষুধের দোকানপাট সিলগালা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে দোকানপাট খুলে দেওয়া হবে।’
ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ারকারী সেই ওসমান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের সিএমপির উপকমিশনার রইছ উদ্দিন বলেন, ‘কেউ যদি তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ দেন তাহলে সেক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
কাটল ভিসা জটিলতা, আমিরাত যাচ্ছেন নাসুম-রানা
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত