অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের জয়ে রেকর্ড বইয়ে ওলটপালট

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সিরিজে এসেছে সমতা। পাশাপাশি রেকর্ড বইয়েও ওলটপালট হয়েছে বিস্তর। গতি আর সুইংয়ের মিশেলে আগুনে বোলিংয়ে ৫ উইকেট শিকার করেছেন হারিস রউফ। গ্লাভস হাতে ৬টি ক্যাচ নিয়েছেন অধিনায়ক কাম উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান।

৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রউফ। ওয়ানডেতে এটা তার দ্বিতীয় পাঁচ উইকেট। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট শিকার করা পাকিস্তানের নবম বোলার রউফ। তবে অজিদের বিপক্ষে নিয়েছিলেন হাসান আলী, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক ও শোয়েব আখতার।

২২ গজে রউফের এমন বিধ্বংসী বোলিংয়ে উইকেটের পেছনে ভরসা হয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ছয়টি ক্যাচ নিয়ে পাকিস্তানের কিপার স্পর্শ করেছেন বিশ্বরেকর্ড। রিজওয়ানের আগে ওয়ানডেতে উইকেটকিপারদের ৬ ক্যাচের ঘটনা আছে ১১টি। এর মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টই ৪ বার। এমনকি পাকিস্তানিদের মধ্যে রিজওয়ানের আগে ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন সরফরাজ আহমেদ।

তবে অধিনায়ক হিসেবে রিজওয়ানের আগে আর একজনই এক ওয়ানডেতে ছয় ডিসমিসাল নিয়েছিলেন। ২০০০ সালে এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট। আজ রিজওয়ানের সামনে সুযোগ ছিল এককভাবে বিশ্বরেকর্ডটি গড়ার। কিন্তু ইনিংসের ৩৪তম ওভারে নাসিম শাহর বলে অ্যাডাম জাম্পার দেওয়া ক্যাচ তিনি গ্লাভসবন্দি করতে পারেননি।

এদিন পাকিস্তানের ওপেনিং জুটিতে এসেছে ‌১৩৭ রান। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেটে পাকিস্তানের এটি দ্বিতীয় সেঞ্চুরি জুটি। রউফের পাঁচ উইকেটের মধ্যে ৪টিতেই ক্যাচ নিয়েছেন রিজওয়ান। অজিদের ১৬৩ রানে গুটিয়ে তাদের আরেকটি বিব্রতকর রেকর্ড উপহার দিয়েছে পাকিস্তান। সব প্রতিযোগিতা আর সব ভেন্যু মিলিয়ে ১১০ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ম সংগ্রহ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত