আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বিশাল ব্যবধানে হারের পর সব দায় নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তার ‘বন্ধু’ মেহেদি হাসান মিরাজও নিজের ভুল স্বীকার করে বললেন, সেট ব্যাটসম্যান হিসেবে ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। তবে এখনই সিরিজের আশা ছাড়ছেন না মিরাজ।
দ্বিতীয় ওয়ানডের আগের দিন আজ শুক্রবার দুবাই থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় মিরাজ বলেন, লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামায় সবাই একটু আড়ষ্ট ছিলেন। তার ভাষায়, ‘অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত–আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।’
আফগানিস্তানকে ২৩৫ রানে আটকে বাংলাদেশও ভালো ব্যাটিং করছিল। কিন্তু ২ উইকেটে ১২০ রান থেকে হুট করেই ১৪৩ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা! মিরাজের দাবি, ওই সময় পিচের আচরণ বদলে গিয়েছিল। একইসঙ্গে নিজেদের ভুলও স্বীকার করেন মিরাজ, ‘ওই সময়ে আমরা ভুল করেছি। শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে কথা বলেছি। এই উইকেটে আমার মনে হয় সেট ব্যাটসম্যানদের (ম্যাচ) শেষ করা উচিত ছিল। এটা অবশ্যই আমি ও শান্ত দুজনেই ভুল করেছি।’
প্রথম ওয়ানডেতে মিরাজ নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট নন, ‘পেস বোলাররা খুব ভালো বোলিং করেছে। দারুণ শুরু করেছে। তবে আমার কাছে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ করতে পারিনি। যেমন ধরুন, মাঝের ওভারগুলোয় আমি ও রিশাদ যদি ২টি উইকেট বের করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। হয়তো রান কম দিয়েছি, কিন্তু আমার কাছে দল উইকেট প্রত্যাশা করে। কারণ, দলে আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।’
‘আমি আর শান্ত ব্যাট করছিলাম, উইকেটের আচরণ বদলে গেল’
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের জয়ে রেকর্ড বইয়ে ওলটপালট