আসিফ নজরুলকে হেনস্তা আ. লীগের স্বৈরাচার চরিত্রের বহিঃপ্রকাশ: মান্না

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে আওয়ামী লীগের স্বৈরাচারী, বর্বর চরিত্রের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।

দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচারবহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন আওয়ামী লীগকে একটি বর্বর, ফ্যাসিস্ট দলে পরিণত করেছেন। আওয়ামী শাসনামলের লুটপাটের সহযোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকার এবং দেশের জনগণের মনোবলে আঘাত করতে চাইছে। তারই প্রতিফলন জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সাথে আওয়ামী পান্ডাদের এই আচরণ।

জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানান মান্না। তিনি বলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাতে পতিত স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে এ ধরনের বর্বর আচরণ করার সাহস না পায়। একইসাথে রাষ্ট্রীয় সফরে অতিথিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি মিশনগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত